মেক্সিকোতে তিনজন পর্যটকের গুলিবদ্ধ লাশ পাওয়া গেছে। প্রত্যেককে মাথায় গুলি করা হয়েছে এবং হত্যার পর কূপে ফেলে দেয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসি।

নিহতরা হলেন অস্ট্রেলিয়ান দুই ভাই জ্যাক (৩০) ও ক্যালমি রবিনসন (৩৩) এবং তাদের আমেরিকান বন্ধু জ্যাক কার্টার রোড (৩০)। গত ২৭ এপ্রিল মেক্সিকোর এনসেনাডাতে সার্ফিং ট্রিপের সময় তারা নিখোঁজ হন।

একজন রাষ্ট্রীয় প্রসিকিউটর বলেছেন, রোববার (৫ মে) নিহতদের পরিবার মেক্সিকোতে এসে তাদের লাশ শনাক্ত করে। কর্মকর্তারা জানান, পর্যটকদের পিকআপ ট্রাকটি চুরির চেষ্টায় বাধা দিলে আক্রমণকারীরা তাদের গুলি করেন।  

বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যের প্রসিকিউটর মারিয়া অ্যান্ড্রেড জানিয়েছেন, আক্রমণকারীরা টায়ারের জন্য গাড়িটি চুরি করতে চেয়েছিল এবং বাধা পাওয়ায় পর্যটকদের গুলি করে।

শুক্রবার (৩ মে) সান্টো টোমাস শহরে হামলার স্থান থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে একটি ৪ মিটার গভীর কূপে তাদের মৃতদেহ পাওয়া গেছে। এর আশপাশেই একটি পরিত্যক্ত তাঁবু, একটি পোড়া সাদা পিকআপ ট্রাক ও নিখোঁজ সার্ফারদের একটি ফোন পাওয়া গেছে।

এ ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সন্দেহে দুজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়েছে।

বাজা ক্যালিফোর্নিয়া মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্যগুলোর মধ্যে একটি। কিন্তু এনসেনাডা অঞ্চলটি ইউএস-মেক্সিকো সীমান্তের প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং সার্ফিংয়ের জন্য নিরাপদ বলে বিবেচিত হয়। দীর্ঘদিন ধরে ক্যালিফোর্নিয়ার পর্যটকরা এখানে ঘুরতে আসেন।