বয়স ৯৮ বছর। তবুও একাই হেঁটে পাড়ি দিয়েছেন প্রায় ১০ কিলোমিটার পথ। ঘটনাটি ঘটেছে লোমিকোভস্কায়। ৯৮ বছর বয়সী সে নারীর নাম লিডিয়া। 

রাশিয়ার বাহিনী যখন আক্রমণের উদ্দেশে পূর্ব ইউক্রেনের ওচেরেটাইনে লিডিয়ার গ্রামে প্রবেশ করেছিল তখনই তিনি এবং তার পরিবার সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাদের পালাতে হবে। 

নিরাপদ আশ্রয়ের উদ্দেশে লিডিয়া এবং তার পরিবার যখন যাত্রা করেছিল তখন চারপাশে চলছিল রাশিয়ার সৈন্যবাহিনীর ব্যাপক গোলাবর্ষণ। হতবিহ্ববল হয়ে পড়া পরিবার এবং আত্মীয়দের কাছ থেকে কোনো এক মুহুর্তে ছিটকে পড়েছিলেন লিডিয়া। তারপরও নিজের মনোবল হারাননি বয়সের ভারে নুহ্য এই বৃদ্ধা। চপ্পল পরেই পশ্চিমের দিকে হাঁটা শুরু করেন তিনি। এক, দুই কিলোমিটার নয়, দশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে নিরাপদ আশ্রয়ে পৌঁছান লিডিয়া। 

সংবাদমাধ্যম বিবিসিকে লিডিয়া বলেন, ‘ভর দিয়ে হাঁটার জন্য আমি একটি লাঠি এবং একটি কাঠের তক্তা নিয়েছিলাম। আমি আমার পা নয় বরং আমার পা আমাকে বহন করে নিয়ে গেছে এত দীর্ঘ পথ’। 

সেদিনের আক্রমণের ভয়াবহ অভিজ্ঞতা সম্পর্কে লিডিয়া বলেন, ‘যে গ্রাম আমি পেছনে ফেলে এসেছি সেটি ধীরে ধীরে রাশিয়ার কব্জায় চলে গেছে। রাশিয়ার সৈন্যরা এটিকে নরকে পরিণত করে ছেড়েছে। সেদিন তারা যত এগিয়ে আসছিল, গোলাবর্ষণ ততই ভারী হচ্ছিল। পুরো গ্রামটিই ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছিল’। 

প্রায় ১০ কিলোমিটার পথ হাঁটার পর ইউক্রেন পুলিশ লিডিয়াকে উদ্ধার করে।