কানাডায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে। বিমানটিতে শ্রমিকদের বহন করা হচ্ছিল। এ ঘটনায় একজন বেঁচে গেছেন বলে জানা গেছে। খবর এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার সুদূর উত্তরে একটি খনিতে নেয়ার জন্য শ্রমিকদের বহনকারী একটি ছোট যাত্রীবাহী বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হলে ছয়জন মারা যান বলে একটি সূত্র জানিয়েছে। বিমান দুর্ঘটনা সম্পর্কে জানেন এমন একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য জানিয়ে বলেছেন, দুর্ঘটনায় একজন ব্যক্তি বেঁচে গেছেন। তবে জীবিত সেই ব্যক্তির শারীরিক অবস্থা ঠিক কেমন তা জানানো হয়নি।
অন্টারিওর ট্রেন্টনের জয়েন্ট রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে ফোর্ট স্মিথ থেকে উড্ডয়নের পরপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফোর্ট স্মিথ অঞ্চলটি আঞ্চলিক রাজধানী ইয়েলোনাইফ থেকে ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করেছে।










