প্রেমিকা হত্যার দায়ে সিঙ্গাপুরে ফাঁসি কার্যকর করা হয়েছে এক বাংলাদেশী নাগরিকের। স্থানীয় পুলিশ জানিয়েছে ২০১৮ সালে দেশটিতে গেইলংয়ের একটি হোটেলে ইন্দোনেশিয়ার গৃহকর্মী নুরহিদায়াতি ওয়ারতোনো সুরাতাকে হত্যার দায়ে গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) দণ্ডপ্রাপ্ত আসামি আহমেদ সেলিমের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খবর দ্য স্ট্রেইটস টাইমস।
গণমাধ্যমটি জানিয়েছে, ২০১৯ সালের পর
দেশটিতে প্রথম ফাঁসি কার্যকর করেছে প্রশাসন। সাজাপ্রাপ্ত সেলিম দেশটির রাষ্ট্রপতির
কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন, তবে তার আবেদন খারিজ করা হয়।
সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ) জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করা
ব্যক্তির নাম আহমেদ সেলিম (৩৫)। তিনি বাংলাদেশের নাগরিক।
সেলিম একজন চিত্রশিল্পী ছিলেন। ২০১৮
সালের ৩০ ডিসেম্বর সন্ধ্যায় গোল্ডেন ড্রাগন নামের হোটেলের একটি কক্ষে হত্যা করা হয়
ইন্দোনেশিয়ার ওই গৃহকর্মীকে।
পরে ২০১৯ সালের ২ জানুয়ারি সেলিমের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়
এবং ২০২০ সালের ডিসেম্বরে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ দেন সিঙ্গাপুরের
আদালত। ২০২২ সালের ১৯ জানুয়ারি তার সাজার বিরুদ্ধে করা আপিল খারিজ করা হয়।
এসপিএফ জানিয়েছে, সম্পূর্ণ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার মৃত্যুদণ্ড
কার্যকর করা হয়েছে।










