গত পাঁচ মাস ধরে ইসরায়েলি বিমান হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। স্থল পথেও সেনা অভিযান চলার কারণে ভূখণ্ডটিতে সৃষ্টি হয়েছে তীব্র মানবিক সংকট। গাজার উপত্যকা ভয়াবহ পরিস্থিতির ওপর জোর দিয়ে জাতিসংঘ মঙ্গলবার (৫ মার্চ) জানিয়েছে, গাজার ৮০ শতাংশেরও বেশি পরিবার নিরাপদ বিশুদ্ধ পানির অভাবে রয়েছে।
গাজায় পানি ও স্যানিটেশন হাইজিন নিয়ে কাজ করা জাতিসংঘের প্রতিনিধি দল জানিয়েছে, গাজার আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষের অতিরিক্ত চাপের কারণে কাজ করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেছেন, গাজায় প্রায় ৩৪০ জন মানুষ একটি টয়লেট ব্যবহার করছেন এবং একটি টয়লেটে প্রায় ১৩০০ মানুষ গোসল করছে।
গত মাসে আন্তর্জাতিক বিচার আদালতের অস্থায়ী রায় সত্ত্বেও ইসরায়েল গাজা উপত্যকায় তার আক্রমণ অব্যাহত রেখেছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩০ হাজার ৬০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু। এছাড়া আহত হয়েছেন ৭২ হাজারেরও বেশি ফিলিস্তিনি।










