প্রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি নেয়ার এক বছরের মাথায় রাজনৈতিক নিপীড়নের শিকার হতে হচ্ছে বলে দাবি করেছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো। তিনি সাও পাওলোতে কয়েক হাজার সমর্থককে উদ্দেশে বলেন, তার বিরুদ্ধে আনা অভ্যুত্থানের অভিযোগটি মিথ্যা। খবর বিবিসি।

এছাড়া তিনি সরকারি ভবনে হামলার জন্য দোষী সাব্যস্ত তার শত শত সমর্থকদের জন্য সাধারণ ক্ষমারও আহ্বান জানিয়েছেন। ২০২২ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর  বলসোনারো অভ্যুত্থানের উসকানি দিয়েছিলেন কিনা তা নিয়ে এখনো পুলিশি তদন্ত করছে।

ব্রাজিলের বৃহত্তম শহরে রোববারের  সমাবেশে ভাষণ দেয়ার সময়, ৬৮ বছর বয়সী সাবেক এ প্রেসিডেন্ট এসব কথা বলেন। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, অতীত ভুলে ব্রাজিলকে এগিয়ে যাওয়ার সময় এসেছে। তিনি ২০২৬ সালের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কেও  কথা বলেন। 

চলতি মাসের শুরুর দিকে, সাবেক এই প্রেসিডেন্টের পাসপোর্ট নিয়ে নেয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ২০২২ সালের অক্টোবরের নির্বাচনের ফলাফল বদলে দেয়ার চেষ্টা করেছিলেন। সামরিক প্রধানদের অভ্যুত্থানের প্রচেষ্টায় যোগদানের জন্য চাপ দেওয়ার অভিযোগে তদন্তের মুখোমুখি হয়েছেন তিনি।