আফগানিস্তানের দুটি স্থানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ‘অপারেশন গজব লিল-হক’-এর অংশ হিসেবে এসব হামলা চালানো হয়। খবর আল জাজিরার।

গতকাল এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের গোষ্ঠীগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সদস্যদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। পাকিস্তানের ভাষ্য, দেশের সন্ত্রাসী গোষ্ঠী, তাদের নেটওয়ার্ক ও সহযোগীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার নীতির অংশ হিসেবেই হামলাগুলো চালানো হয়েছে।

মন্ত্রণালয়ের দাবি, ‘নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে’ আফগানিস্তানের দুটি স্থানে থাকা কয়েকটি ‘সন্ত্রাসী ক্যাম্প ও গোপন ঘাঁটি’ লক্ষ্য করে হামলা চালানো হয়। পাকিস্তানের দাবি, এসব স্থাপনা ‘ফিতনা আল-খাওয়ারিজ’, ‘ফিতনা আল-হিন্দুস্তান’ এবং তাদের সহযোগীদের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বলেছে, লক্ষ্যবস্তুগুলো নির্ভুলভাবে ধ্বংস করা হয়েছে এবং প্রাথমিক প্রতিবেদনে ২২ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। এসব স্থানে মজুদ থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করার দাবিও করেছে ইসলামাবাদ।

জঙ্গিবাদ ইস্যুতে দীর্ঘদিন ধরেই পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে বিরোধ চলছে।