সোমালিয়ার রাজধানী মোগাদিসুর সমুদ্রসৈকতের একটি এলাকায় আত্মঘাতী বোমা ও বন্দুকধারীদের হামলায় অন্তত ৩২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
বিবিসিকে পুলিশের মুখপাত্র আব্দিফাতাহ আদান হাসান বলেন, হামলায় প্রায় ৬৩ জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কমপক্ষে পাঁচজন এ হামলার জন্য দায়ী বলে জানিয়েছেন হাসান। তিনি বলেন, ‘একজন হামলাকারী নিজে আত্মঘাতী বোমায় নিহত হয়েছে এবং আরো তিনজনকে হত্যা করা হয়েছে।’
ভিডিও ফুটেজে মোগাদিসুর আবদিয়াজিজ জেলায় বেশ কয়েকটি মৃতদেহ ও আহত লোকজনকে দেখা গেছে।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, রাজধানী মোগাদিসুর ব্যস্ততম সমুদ্রসৈকতে হঠাৎ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। একই সময় সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে। পরে বাইরে থেকে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী আনা হয়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে চার হামলাকারীর মরদেহ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে একজন গ্রেফতার এড়াতে এবং হামলার পরিকল্পনার অংশ হিসেবে তার দেহে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করে। আর বাকি আরেকজনকে জীবিত গ্রেফতার করা হয়েছে। সশস্ত্র গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-শাবাব হামলার দায় স্বীকার করেছে।
পুলিশের মুখপাত্র আব্দিফাতাহ আদান হাসান বলেন, ঘটনাস্থলের পরিস্থিতি ছিল খুবই ভয়াবহ। আহত-নিহতরা সৈকতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। চারপাশ থেকে আর্তনাদ ভেসে আসছিল। কে কাকে ডাকছে তা বোঝা মুশকিল ছিল। সৈকতে পড়ে থাকা কে জীবিত আর কে মৃত তা চিহ্নিত করতে আমরা দ্বিধায় পড়ে গিয়েছিলাম। তবে বর্তমানে পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এপিকে বলেছেন, বিস্ফোরক ভেস্ট পড়ে এক হামলাকারী নিজেকে হোটেলে উড়িয়ে দেয়। মোহামুদ মোয়ালিম নামে ওই ব্যক্তি আরো বলেন, হামলায় ওই হোটেলে থাকা আমার কয়েকজন বন্ধু নিহত হয়েছেন।











