গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রশাসন থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতি এবং বন্দিদের মুক্তি নিয়ে প্রস্তাবিত চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল। তবে চুক্তি আদৌ বাস্তবায়িত হবে কিনা তা নির্ভর করছে হামাসের ওপর। আজ রোববার (৩ মার্চ) গোষ্ঠীটির এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে।

আন্তর্জাতিক পক্ষগুলো অনেকদিন ধরেই গাজায় যুদ্ধবিরতির জন্য কাজ করছে, রমজান শুরুর আগেই সমস্যাটির একটি স্থায়ী সমাধান চাচ্ছিলেন তারা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং হামাসের হাতে বন্দিদের মুক্তির এ প্রস্তাবটি ইসরায়েল মেনে নিয়েছে, অথবা মেনে নেয়ার পর্যায়ে রয়েছে। তবে এই মুহূর্তে বিষয়টি হামাসের হাতে রয়েছে।

তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বিবদমান পক্ষগুলোর কাছ থেকে কোনো মন্তব্য সংগ্রহ করতে পারেনি।

একজন সিনিয়র মিশরীয় কর্মকর্তা আশা করছেন, আজ রোববারই মধ্যস্থতাকারী পক্ষ— কাতার ও মিশর হামাসের প্রতিক্রিয়া জানতে পারবে।