গাজা উপত্যকায়
জিম্মি থাকা সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস। শুক্রবার (১ মার্চ) গোষ্ঠীটি বোমা হামলার
জন্য ইসরায়েলি বাহিনীকে দায়ী করে জানায়, নিহত সাত জনের মধ্যে তাদের হামাসের যোদ্ধারাও
রয়েছে। শনিবার (২ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
গত বছর নভেম্বরে
হামাস ইসরায়েলের সঙ্গে একটি অস্থায়ী
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে ১০৫
জন জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিনিময়ে ইসরায়েল ২৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়। তবে ইসরায়েলের
দাবি গাজার ভেতরে
এখনও শতাধিক জিম্মি রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম
টেলিগ্রামে কাসাম ব্রিগেডের প্রকাশিত একটি বিবৃতিতে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র
আবু ওবেদা জানান, গোষ্ঠীটি এখনও ইসরায়েলের হাতে বন্দিদের বিনিময়ে জিম্মিদের
মুক্তি দেয়ার জন্য ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে আগ্রহী।
কাতারে কয়েক মাস ধরে চলমান যুদ্ধবিরতি আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু জিম্মিদের মুক্তি। এই আলোচনায় একটি স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি ঘোষণা করার প্রচেষ্টা চালানো হচ্ছে। যুদ্ধবিরতি নিশ্চিত করা হলে জিম্মিদের ধীরে ধীরে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে হামাস। বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হবে ইসরায়েলি কারাগার থেকে।










