ইসরায়েল সঠিকভাবে রাজস্ব হস্তান্তর না করায় ভোগান্তিতে পড়েছেন ফিলিস্তিনের সরকারি কর্মকর্তারা। ফিলিস্তিনের কর্তৃপক্ষ জানিয়েছে বেশ কয়েক মাস ধরে রাজস্ব হস্তান্তরে গাফেলতি করায় কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের বেতন-ভাতা দিতে ব্যর্থ হচ্ছেন তারা। খবর আনাদোলু এজেন্সি।  

প্যারিসে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর সঙ্গে ইসরায়েলের ১৯৯৪ সালে একটি অর্থনৈতিক চুক্তি হয়। যার ভিত্তিতে ইসরায়েল ফিলিস্তিন-সীমান্ত ক্রসিংগুলো থেকে রাজস্ব আদায় করে ফিলিস্তিনে হস্তান্তর করে আসছে। তবে গত কয়েক মাস ধরে ঠিক মতো রাজস্ব হস্তান্তর না করায় ফিলিস্তিনি সরকারি কর্মচারীর বেতন-ভাতা প্রদানে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ফিলিস্তিন জানিয়েছে, সাধারণত প্রতি মাসে গড়ে ১ কোটি ৮৮ লাখ ডলার রাজস্ব আদায় করে ইসরায়েল। যা দেশটির আয়ের প্রধান উৎস বলে বিবেচিত হয়। তবে গত বছর হামাসের হামলার পর নভেম্বরে এই রাজস্ব হস্তান্তর বন্ধের ঘোষণা দেয় তেল আবিব।

গত ১৯ ফেব্রুয়ারি নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের সংগ্রহ করা রাজস্ব নরওয়ের কাছে হস্তান্তর করা হবে। ওই রাজস্বের গাজার অংশ বাদ দিয়ে বাকি অংশ ফিলিস্তিনের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে ইসরায়েল।