পুনরায় নির্বাচিত হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল শুক্রবার (১২ জুলাই) ডেট্রয়েটে এক সমাবেশে জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আমি নির্বাচন ছেড়ে যাচ্ছি না’। একই সময়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘গুরুতর হুমকি’ হিসেবে উল্লেখ করেন তিনি। খবর রয়টার্স।

জো বাইডেনের বর্তমান বয়স ৮১ বছর। এ নিয়ে নির্বাচনী ময়দানে বিভিন্ন পক্ষ থেকে জোরালো মন্তব্য শোনা যাচ্ছে। বিরোধী দল থেকে শুরু করে ডেমোক্রেটদের অনেকেই অনেকেই এ বয়সে নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে।

গতকালের সমাবেশে অনেক অংশগ্রহণকারীর হাতে ‘মোটাউন ইজ জোটাউন’ এমন প্ল্যাকার্ড দেখা যায়। সেখানে জো বাইডেন বলেন, ‘আমি নির্বাচন করছি এবং আমরা জিততে যাচ্ছি।’ নিজেকে ‘মনোনীত প্রার্থী’ দাবি করে এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি কোথাও যাচ্ছি না।’

এ সময় নিজের বয়স সম্পর্কে বলেন, ‘বয়সের সঙ্গে সঙ্গে কিছু প্রজ্ঞা তৈরি হয় বলে আমি মনে করি। আমি জানি যে কীভাবে সত্য বলতে হয়, আমি ভুল থেকে সঠিককে আলাদা করতে জানি। আমি জানি মার্কিনরা একজন প্রেসিডেন্ট চায়, স্বৈরশাসক নয়।’

জো বাইডেন জানান, দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে প্রথম ১০০ দিনে উল্লেখযোগ্য কিছু বিল পাস করবেন। এর মধ্যে রয়েছে গর্ভপাতের অধিকার, চিকিৎসা ঋণ, ন্যূনতম মজুরি ও অস্ত্র নিষেধাজ্ঞাসহ অন্যান্য বিষয়ে বিল। অবশ্য কংগ্রেসের উভয় কক্ষে বিলের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা ছাড়া এ ধরনের ব্যাপক পরিবর্তন কঠিন বা অসম্ভব।