অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল। চলতি সপ্তাহের শুরুর দিকে ছড়িয়ে পড়া দুর্যোগ শনিবার (২৪ ফেব্রুয়ারি) নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর থেকে অঞ্চলটিতে বেশ ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে। সর্বোচ্চ ঝুঁকির সতর্কতা জারির পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। খবর রয়টার্স। 

রোববার (২৫ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‌ভিক্টোরিয়ায় যা সাহায্যের প্রয়োজন, আমরা তা করতে প্রস্তুত। এটি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের হুমকির বিরুদ্ধে কাজ করা এবং তা অব্যাহত রাখার জন্য একটি রিমাইন্ডার।  

জানা গেছে, দাবানলের কারণে এরই মধ্যে অন্তত ছয়টি বাড়ি ধ্বংস হয়েছে। হতাহত হয়েছে অসংখ্য গৃহপালিত পশু। ঝুঁকি এড়াতে পশ্চিমাঞ্চলের শহর ছেড়ে ব্যালারাত শহরে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ২ হাজার বাসিন্দাকে। মেলবোর্ন থেকে শহরটির দূরত্ব প্রায় ৯৫ কিলোমিটার। 

বৈশ্বিক আবহাওয়ার প্রাকৃতিক ইভেন্ট এল নিনোর প্রভাব সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ায়। ফলে দেশটিতে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। 

রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহে আবহাওয়া সম্পর্কে উদ্বেগ এখনো কাটেনি। পূর্বাভাস অনুযায়ী, ২৮-২৯ ফেব্রুয়ারি অঞ্চলটিতে তাপমাত্রা বাড়তে পারে, যা দাবানল পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলতে পারে। 

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫০টি উড়োজাহাজসহ প্রায় ১ হাজার উদ্ধারকর্মী কাজ করছে বলে জানিয়েছে সরকারি কর্তৃপক্ষ।