ফিলিস্তিনের গাজায় দেইর এল-বালাহ অঞ্চলের
একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বোমা হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন ২৪ ফিলিস্তিনি। এতে
গত পাঁচ মাসে উপত্যকাটিতে নিহতের সংখ্যা পৌঁছেছে ২৯ হাজার ৫১৪ জনে। আহত হয়েছেন প্রায়
৭০ হাজার গাজাবাসী। খবর আল-জাজিরা।
ফিলিস্তিনে ত্রাণ সহায়তা পরিচালনাকারী
সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রতিনিধিরা জানিয়েছেন ইসরায়েলি অবরোধের ফলে তীব্র মানবিক সংকটে
পড়েছে পুরো গাজা অঞ্চল। তেল আবিবের ক্রমাগত হামলায় উপত্যকায় ত্রাণ সহায়তা ব্যাহত হচ্ছে
বলে অভিযোগ করেছে সংস্থাটি। এছাড়া গাজার বিভিন্ন অঞ্চলে জাতিসংঘের ত্রাণ সহায়তা কার্যক্রম
বাধার মুখে পড়েছে বলে জানা গেছে।
গাজায় এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে যুদ্ধোত্তর
নীতিমালা প্রকাশ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে ক্ষুব্ধ
প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এই পরিকল্পনা গাজাকে পূর্ণাঙ্গ দখলের নীতি
বলে উল্লেখ করেছেন তারা।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের
হামলার পর প্রতিশোধমূলক হামলা শুরু করে ইসরায়েল। এতে গাজায় প্রাণ হারান ২৯ হাজার ৫১৪
জন। আহত হন ৬৯ হাজার ৬১৬ জন। অন্যদিকে ইসরায়েলের দাবি হামাসের আক্রমণে তাদের প্রাণ
হারিয়েছেন ১ হাজার ২০০ জন।










