গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধে হাসপাতালগুলোয় অমানবিক পরিবেশ তৈরি হয়েছে। স্বল্প চিকিৎসা সরঞ্জাম নিয়ে রোগীদের সুস্থ করতে গিয়ে চরম অসহায়ত্বের মুখোমুখি হচ্ছেন চিকিৎসকরা। খবর বিবিসি।

পেইন কিলারের অভাবে রোগীরা ঘণ্টার পর ঘণ্টা চিৎকার করছে। চিকিৎসকরাও নিরূপায় হয়ে এ দৃশ্য সহ্য করছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গাজার স্বাস্থ্যসেবা পরিস্থিতিকে ‘বর্ণনার ঊর্ধ্বে’ বলে অভিহিত করেছেন। সংস্থাটির মতে, গাজার ২৩টি হাসপাতাল কোনো কার্যক্রম পরিচালনা করতে পারছে না। ১২টি হাসপাতাল আংশিকভাবে এবং একটি সীমিত আকারে কার্যক্রম চালাচ্ছে।

আকাশ থেকে বোমা বর্ষণ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহে ঘাটতির ফলে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অভিযোগ, হামাস হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করছে। বিবিসিকে আইডিএফ জানিয়েছে, তারা হাসপাতালগুলোয় আক্রমণ করছে না, বরং তারা কিছু নির্দিষ্ট এলাকায় হামাসের অবকাঠামো এবং সরঞ্জাম নিষ্ক্রিয় করার জন্য প্রবেশ করছে।

আইডিএফ এটিও জানিয়েছে গাজায় তারা চিকিৎসা সরঞ্জামাদিসহ মানবিক সহায়তা প্রবেশে সুযোগ দিচ্ছে। কিন্তু ডব্লিউএইচওসহ অন্যান্য সংস্থা জানিয়েছে তারা তাদের কার্যক্রম পরিচালনায় বারবার বাধার সম্মুখীন হচ্ছে।