দক্ষিণ কোরিয়ায় চিকিৎসকদের ধর্মঘটে ৮০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
তাকে বহনকারী অ্যাম্বুলেন্স হাসপাতালে প্রবেশ করতে না দেয়ার পর এ ঘটনা ঘটে। খবর বিবিসি।
চিকিৎসার অভাবে মারা যাওয়া প্রবীণ নারী কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত
ছিলেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) তাকে ভর্তির জন্য সাতটি হাসপাতালে ফোন করেন ডায়েজন
শহরের প্যারামেডিকরা। কিন্তু চিকিৎসক ও বেডের অভাবে তাকে ফিরিয়ে দেয়া হয়েছিল। সাহায্য
চাওয়ার ৬৭ মিনিট পর অবশেষে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ভর্তির ব্যবস্থা
হলেও সেখানে পৌঁছনোর পর তাকে মৃত ঘোষণা করা হয়।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, তারা
ঘটনাটি তদন্ত করে দেখবেন।
দক্ষিণ কোরিয়ায় চিকিৎসকদের ধর্মঘটে এটিই প্রথম মৃত্যু, যেখানে ইন্টার্ন
ও আবাসিক চিকিৎসকরা আন্দোলন করছেন। সরকার আরো চিকিৎসক নিয়োগ দিলে প্রতিযোগিতা বেড়ে
যাবে, তাদের মধ্যে এ শঙ্কা কাজ করছে। প্রায় ৭০ শতাংশ তরুণ চিকিৎসক গত সপ্তাহ থেকে আন্দোলন করছেন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকদের আন্দোলনের ফলে তাদের
কাজ নার্সদের দিয়ে করানো হচ্ছে। নার্সরা এ নিয়ে অভিযোগ জানিয়েছেন।










