পাপুয়া নিউগিনির প্রত্যন্ত অঞ্চল হাইল্যান্ডে উপজাতি গোষ্ঠীগুলোর
মধ্যে দ্বন্দ্বের জের ধরে গোলাগুলিতে ৬৪ জনের মৃত্যু হয়েছে। এ অঞ্চলে দীর্ঘদিন ধরেই
সহিংসতা চলে আসছে। তবে এবারের হতাহতের বিষয়টি পরিস্থিতি শোচনীয় হওয়ার দিকটিই তুলে ধরে।
খবর বিবিসি।
অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যাপক প্রসারের ফলে সংঘাতগুলো প্রাণঘাতী হয়ে
পড়ে এবং চক্রাকারে সহিংসতার পুনরাবৃত্তি ঘটতে থাকে।
পুলিশ দেশটির রাজধানী মরেসবি থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত ওয়াবাগ
শহর থেকে মৃতদেহগুলো উদ্ধার করছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, মরদেহগুলো
ট্রাকে জড়ো করা হচ্ছে। ঘটনাস্থল থেকে পুলিশ ছবি ও ভিডিও সংগ্রহ করেছে।
এটিই অঞ্চলটিতে সবচেয়ে বড় হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন রয়েল পাপুয়া
নিউগিনির ভারপ্রাপ্ত সুপার জর্জ কাকাস। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনে দেয়া সাক্ষাৎকারে
তিনি এ কথা বলেন।
জর্জ বলেন, আমরা সবাই বিধ্বস্ত ও মানসিক চাপের মধ্যে আছি। যা ব্যাখ্যা
করা কঠিন।
হাইল্যান্ড অঞ্চলে ভূমি এবং সম্পদের মালিকানা নিয়ে গোষ্ঠীগত দ্বন্দ্ব
বৃদ্ধি পাচ্ছে। গত বছরের জুলাই মাসে অঞ্চলটিতে ৩ মাসের লকডাউন দেয়া হয়। পাশাপাশি সেখানে
কারফিউ ও ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে পুলিশ।










