মার্কিন কংগ্রেসে বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্য মিথ্যায় পরিপূর্ণ এবং তিনি যুদ্ধবিরতি চান না বলে মন্তব্য করেছেন হামাসের এক সিনিয়র কর্মকর্তা। হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, মার্কিন কংগ্রেসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ থেকে বোঝা যায় যে তিনি যুদ্ধবিরতি চুক্তি করতে চান না। খবর রয়টার্স। 

এক সাক্ষাৎকারে আবু জহুরি বলেন, গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর যুদ্ধাপরাধ ঢাকতে এবং ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখে নিজেদের ব্যর্থতা ও পরাজয় ঢাকতে তিনি সফল হবে না বলেও মন্তব্য করেছেন ওই সিনিয়র কর্মকর্তা। 

ভাষণে ইরানকে মোকাবেলায় মধ্যপ্রাচ্যে একটি নিরাপত্তা জোট গঠনের প্রয়োজনীয়তার কথা বলেন নেতানিয়াহু। এর প্রেক্ষিতে আবু জহুরি বলেন, ইসরায়েলের  সঙ্গে যেকোনো দলের যে কোনো জোট হবে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। 

উল্লেখ্য, ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত  মৃতের সংখ্যা  ৩৮ হাজার ৯৮৩ ছাড়িয়েছে। ৭ অক্টোবরের পর থেকে চলমান এই হামলায় আহত হয়েছেন ৮৯ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক। অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তত ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে।