ভারতীয় বিমানবাহিনীকে আরও শক্তিশালী করতে যৌথ উদ্যোগে আকাশ প্রতিরক্ষা অস্ত্র উৎপাদন করবে দিল্লি-মস্কো। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

রুশ অস্ত্র রফতানিকারক প্রতিষ্ঠান রোসোবোরোনেক্সপোর্টের সঙ্গে ভারতের বিমানবাহিনী এ অস্ত্র উৎপাদনের বিষয়ে আলোচনা করেছে। 

ভারতের সরকারি ও বেসরকারি আকাশ প্রতিরক্ষা অস্ত্র খাতকে আরও শক্তিশালী করতে কাজ করছেন বলে জানিয়েছেন রোসোবোরোনেক্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক আলেকজান্ডার মিখিওয়েভ। তবে ভারতের কোন কোম্পানির সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। 

ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) তথ্যমতে, ২০২২ সালে রাশিয়ার বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে ভারতের অবস্থান সবার ওপরে। গত বছর রাশিয়া থেকে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির পরিমাণ ছিল ৪৫ শতাংশ। 

রোসোবোরোনেক্সপোর্ট জানিয়েছে, এর আগে তারা এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান, ট্যাঙ্ক, সাঁজোয়া যানসহ বিভিন্ন যুদ্ধযান সরবরাহ করেছে।