যুক্তরাষ্ট্রে তীব্র ঠাণ্ডা ও শীতকালীন ঝড়ের প্রভাবে প্রাণহানি বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। এদের বেশির ভাগই তীব্র ঠাণ্ডায় প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। দেশটিতে তীব্র ঠাণ্ডা এবং তুষার ঝড়ে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (২২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনের টানা তুষার ঝড়ের নিহতদের মধ্যে দেশটির টেনেসি অঞ্চলে ২৫ জন এবং ওরেগন অঞ্চলে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্মরণকালের শীতের এই তীব্রতার ফলে প্রায় গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের এসব অঞ্চলে জরুরি অবস্থা চলছে। এমন পরিস্থিতিতে মেম্ফিসের টেনেসির বাসিন্দাদের পানি ফুটিয়ে ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।
বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকাজুড়ে কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিহীন রয়ে গেছে। বরফের এই অবস্থা চলতি সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত অব্যাহত থাকবে। এ সময়ে নিউইয়র্কের রাস্তাঘাট ঝুঁকিপূর্ণ কালো বরফে ঢেকে যেতে পারে বলে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।
এছাড়া দেশটির বিস্তীর্ণ এলাকা জুড়ে কয়েক হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবহাওয়াবিদরা নিউইয়র্ক সিটিতে যে পরিমাণ তুষারপাতের ধারণা করেছিলেন, গত শুক্রবার সেখানে তার চেয়েও বেশি তুষারপাত হয়েছে।
যুক্তরাষ্ট্রের টেনেসি এবং ওরেগনে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি হলেও ইলিনয়, পেনসিলভানিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেনটাকি, উইসকনসিন, নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং অন্য কোথাও প্রাণহানির খবর পাওয়া গেছে।
এদিকে আবহাওয়া অনুকূলে না থাকায় যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া কমিয়ে দেয়া হয়েছে অফিসের সময়। বিরূপ এ আবহাওয়ার প্রভাব জনজীবনে এতটাই বেশি পড়েছে যে এখন মানুষ রক্ত দিতেও যাচ্ছেন না।










