ভারতে সড়ক দুর্ঘটনায় ‘পঞ্চায়েত ২’ খ্যাত অভিনেত্রী আঁচল তিওয়ারিসহ ৯ জন নিহত হয়েছেন। সোমবার ( ২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিহারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বিহারের কাইমুর জেলায় একটি এসইউভি ও মোটরসাইকেল
সংঘর্ষে ভোজপুরি অভিনেত্রী আঁচল তিওয়ারি, সঙ্গীতশিল্পী ছোটু পান্ডেসহ আট জন প্রাণ
হারিয়েছেন। সিমরান শ্রীবাস্তব নামে এক ভোজপুরি অভিনেত্রীও দুর্ঘটনায় নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসইউভি গাড়িটি প্রথমে মোটরসাইকেলকে ধাক্কা
দেয়। এতে এসইউভি ও বাইক উভয়ই অন্য লেনে চলে গেলে, একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে ধাক্কা
লাগে। যার ফলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ নয় জনের মৃত্যু হয়।
মোহনিয়ার ডিএসপি দিলীপ কুমার জানিয়েছেন, সোমবার মৃতদের শনাক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে ভোজপুরি শিল্পী বিমলেশ পান্ডে ওরফে ছোটু পান্ডে। এছাড়াও রয়েছেন আঁচল তিওয়ারি, সিমরন শ্রীবাস্তব, প্রকাশ রাম, দধিবল সিং, অনু পান্ডে, শশী পান্ডে, সত্য প্রকাশ মিশ্র এবং বাগিশ পান্ডে।
তাদের মধ্যে বক্সারের বাসিন্দা ভোজপুরি গায়ক ছোটু পান্ডে, তার ভাগ্নে অনু পান্ডে, গীতিকার সত্য প্রকাশ মিশ্র বৈরাগী, বারাণসীর বাসিন্দা অভিনেত্রী সিমরন শ্রীবাস্তব এবং আঁচল তিওয়ারি ভোজপুরি ইন্ডাস্ট্রির বিখ্যাত মুখ।










