রাশিয়ার গোয়েন্দা কাজে ব্যবহৃত একটি উড়োজাহাজ ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। গতকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) চলতি মাসে দ্বিতীয়বারের মত এ-৫০ নামের একটি উড়োজহাজকে রাশিয়ার রোস্তভ-অন-ডন এবং ক্রাসনোদরের মধ্যবর্তী স্থানে ভূপাতিত করা হয়েছে বলে দাবি ইউক্রেনের সামরিক বাহিনীর। খবর বিবিসি।

বিবিসির খবরে বলা হয়েছে, জরুরি পরিষেবার কাজে নিয়োজিত ব্যক্তিরা রাশিয়ার কানেভস্কয় শহরে ওই উড়োজাহাজটির ভগ্নাংশ পরিষ্কার এবং বিস্ফোরিত যানটির আগুন নির্বাপিত করেছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। তবে কিয়েভের বিবৃতিতে বলা হয়নি কিভাবে উড়োজাহাজটি ধ্বংস করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো সাড়া দেননি।

এ ঘটনায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান মাইকোলা ওলেশ্চুক। তিনি জানিয়েছেন, গতকাল ইউক্রেনের বিমান বাহিনী শত্রুদের একটি দূরপাল্লার রাডার শনাক্তকরণ উড়োজাহাজ এ-৫০ ভূপাতিত করা হয়েছে। কিয়েভের দাবি রাশিয়ার গোয়েন্দা কাজে ব্যবহৃত হতো ভূপাতিত এই উড়োজাহাজটি।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি আজভ সাগরে রাশিয়ার আরেকটি গোয়েন্দা উড়োজাহাজ ভূপাতিত করার দাবি করেছিল ইউক্রেন।