যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক নির্বাহীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জোনাথন ম্যাককিনসি (৪০) নামে ওই ব্যক্তির শ্বশুর-শাশুড়িকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্ক টাইমস।
ম্যাককিনসি গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের প্রকৌশল শাখার পরিচালক ছিলেন। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গত শনিবার বিকালে সানফ্রান্সিসকো থেকে ৫৬ কিলোমিটার পূর্বে ডাবলিনের একটি গাড়ি পার্কিং এলাকায় একাধিক গুলিবিদ্ধ অবস্থায় জোনাথনের মরদেহ পাওয়া যায়।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত বয়স্ক ওই দম্পতির মেয়ে ক্যান্ডিস ঝাংয়ের সঙ্গে জোনাথনের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এক সপ্তাহ পর ওই মামলার শুনানির তারিখ ছিল।










