অস্ট্রেলিয়ার সমুদ্র ও নৌবন্দরগুলোর ওয়েবসাইট নেটওয়ার্কে সাইবার হামলা চালানো হয়েছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে নেটওয়ার্কের সব ধরনের প্রবেশ বন্ধ রেখেছে দেশটির সরকার। খবর রয়টার্স।

স্থানীয় সময় শনিবার থেকে নেটওয়ার্কে লকডাউন জারি করে অস্ট্রেলিয়া। এর আগে শুক্রবার রাতে প্রথমবারের মতো সাইবার হামলার বিষয়ে অবগত হয় কর্তৃপক্ষ। এরপরই দেশটির চার বন্দর সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন ও ফ্রিম্যান্টলে লকডাউন ঘোষণা করা হয়।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নেইল জানান, সরকার বিষয়টি সম্পর্কে অবগত। সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ চলছে। ন্যাশনাল কো-অর্ডিনেশন মেকানিজম এ কাজে সহায়তা করছে। দেশটির পুলিশ জানায়, তারা বিষয়টি তদন্ত করছে।

অস্ট্রেলিয়ার বন্দরগুলোর প্রায় ৪০ শতাংশ কার্গো সেবাদানকারী প্রতিষ্ঠান সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, কর্তৃপক্ষ বন্দরগুলোয় একপ্রকার লকডাউন ঘোষণা করেছে। বন্দর থেকে দেশের অভ্যন্তরে কার্গো নিয়ে যেতে দিচ্ছে না।