ভারতের নয়াদিল্লিতে গতকাল শুরু হয়েছে ব্রিকসের দুইদিনব্যাপী ১৮তম সম্মেলন। এতে ব্রিকস নেতারা সর্বসম্মতিক্রমে ‘নয়াদিল্লি ঘোষণা ২০২৬’ গ্রহণ করেছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বসম্মত নথিটি ঘোষণা করেন।
এ ঘোষণায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোর ‘কাঠামোগত হালনাগাদ’-এর আহ্বান জানানো হয়েছে। এতে ‘একতরফা যুদ্ধমূলক কর্মকাণ্ড’ প্রত্যাখ্যান করা হয়েছে ও পশ্চিম এশিয়ায় চলমান সামরিক উত্তেজনার মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথগুলো ও নাবিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
ব্রিকস পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সর্বোচ্চ সংযম প্রদর্শনের, সামরিক ও বেসামরিক অবকাঠামোর সুরক্ষা এবং স্থায়ী শান্তির লক্ষ্যে সংলাপ ও কূটনীতির আহ্বান জানিয়েছে। বিশ্ব বাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও জ্বালানির প্রবাহ বজায় রাখারও আহ্বান জানানো হয়েছে।
ফিলিস্তিনের গাজার ক্ষেত্রে যুদ্ধবিরতি মেনে চলা, অবাধ মানবিক সহায়তা পৌঁছার সুযোগ ও জোরপূর্বক বাস্তুচ্যুতি বন্ধের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি এতে একটি দ্বিরাষ্ট্রিক সমাধান ও ফিলিস্তিনের জন্য জাতিসংঘের পূর্ণ সদস্যপদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
এ জোট ব্রিকস অর্থনৈতিক অংশীদারত্ব ২০৩০ পরিকল্পনাকে এগিয়ে নেয়ার পাশাপাশি আন্তঃসীমান্ত লেনদেনকে গতিশীল, সাশ্রয়ী, সহজলভ্য, স্বচ্ছ ও নিরাপদ করে তোলার প্রচেষ্টাকেও সমর্থন করেছে। পাশাপাশি এতে প্রযুক্তি, উদ্ভাবন, স্বাস্থ্য, কৃষি ও জলবায়ু সহনশীলতাও উল্লেখযোগ্যভাবে স্থান পেয়েছে। ব্রিকস কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি নিরাপদ, সুরক্ষিত, অন্তর্ভুক্তিমূলক ও নির্ভরযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।
দুইদিনব্যাপী এ সম্মেলনে একই টেবিলে বসেছেন ইরান ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিনিধিরা। তবে চলমান পশ্চিম এশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে সম্প্রসারিত এ জোটের ভেতরের গভীর ফাটল ও বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে, যা এর সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে জটিল করে তুলেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুদ্ধের প্রেক্ষাপটে গত আগস্টে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর তেহরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করে সংযুক্ত আরব আমিরাত। দুই দেশের এ বিরোধের কারণে মে মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও কোনো যৌথ বিবৃতি দেয়া সম্ভব হয়নি।
তবে রয়টার্সকে চারটি সূত্র জানিয়েছে, গতকাল নয়াদিল্লি শীর্ষ সম্মেলনের আয়োজক ও মধ্যস্থতাকারীরা একটি যৌথ ঘোষণার খসড়ায় ঐকমত্যে পৌঁছতে সক্ষম হয়েছেন। প্রস্তাবিত ঘোষণায় সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে যেকোনো দেশের একতরফা যুদ্ধের নিন্দা জানানো হয়েছে। গতকাল ব্রিকস নেতারা সর্বসম্মতিক্রমে খসড়াটি অনুমোদন করেছেন।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোটে ২০২৪ সালে মিসর, ইথিওপিয়া, ইরান ও আরব আমিরাত এবং ২০২৫ সালে ইন্দোনেশিয়া যোগ দেয়। ফলে জোটের বাণিজ্যিক পরিধি বাড়লেও সদস্য দেশগুলোর ভিন্নমুখী পররাষ্ট্রনীতির কারণে একমুখী সিদ্ধান্ত নেয়া কঠিন হয়ে পড়েছে। ইরান যেখানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মুখোমুখি, সেখানে আরব আমিরাতের পশ্চিমাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক রয়েছে।










