রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুদিনের সফরে গতকাল ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে পালাম বিমানবন্দরে স্বাগত জানান। গতকাল রাতে তারা এক নৈশভোজে অংশ নেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারতে প্রথম সফরে এলেন পুতিন। তার ভারত সফরে উভয় দেশের মধ্যে স্বাস্থ্য, বাণিজ্যসহ বেশকিছু খাতে চুক্তি হওয়ার কথা রয়েছে।

আজ শীর্ষ বৈঠকে মিলিত হবেন পুতিন ও মোদি। শীর্ষ বৈঠকের আগে পুতিনকে ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। পরে তিনি দিল্লির হায়দরাবাদ হাউজে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এই হায়দরাবাদ হাউজেই পুতিন অবস্থান করবেন।

মহাত্মা গান্ধীর সমাধি ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আজ সকালে নয়াদিল্লির রাজঘাটে যাওয়ার কথা রয়েছে পুতিনের। এছাড়া আজ নয়াদিল্লিতে রাশিয়ার সম্প্রচারমাধ্যম ‘আরটি ইন্ডিয়া’র উদ্বোধন ও ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত রাষ্ট্রীয় ভোজে অংশ নেবেন তিনি। আজ রাত ৯টার দিকে তার ভারত ত্যাগ করার কথা।