ছয় সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে
দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির মধ্যপন্থী বিরোধী নেতা
বেনি গ্যানৎয ও তার মিত্র গাদি আইজেনকোটের পদত্যাগের মাত্র এক সপ্তাহ পর এ পদক্ষেপ
নেয়া হলো। খবর বিবিসি।
গতকাল সন্ধ্যায় বেনিয়ামিন নেতানিয়াহু
রাজনৈতিক নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন এবং এরপর সোমবার (১৭ জুন) তিনি এ ঘোষণা
দেন।
ইসরায়েলের গণমাধ্যমগুলোর খবরে বলা
হচ্ছে, গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের স্পর্শকাতর বিষয়গুলোতে এখন ছোট একটি ফোরামেই আলোচনা
করা হবে।
নেতানিয়াহুর অতি ডানপন্থী জোটের অংশীদাররা
নতুন যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনের চাপ দিচ্ছেন। যা যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে সম্পর্ককে
আরো নাজুক করে তুলতে পারে।
গাজা যুদ্ধ পরবর্তী সংঘাত নিয়ে সঠিক
পরিকল্পনা না নেয়ার অভিযোগ এনে বেনি গ্যানৎয ও আইজেনকোট পদত্যাগ করেন।
ইসরায়েলে নিরাপত্তা বাহিনী বা আইডিএফের
একজন মুখপাত্র বলেছেন, এটা কিছুটা উদ্বেগের হলেও চেইন অব কমান্ডকে খুব বেশি প্রভাবিত
করতে পারবে না।










