সরকারের নতুন চিকিৎসক নিয়োগ পরিকল্পনার বিরুদ্ধে চলমান ধর্মঘটে সংকটে পড়েছে দক্ষিণ কোরিয়ার হাসপাতালগুলো। পরিস্থিতি মোকাবেলায় এসব হাসপাতালে সামরিক চিকিৎসক নিয়োগের ঘোষণা দিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় সময় সোমবার (১১ মার্চ) থেকে এ ঘোষণা কার্যকরের কথা রয়েছে। খবর রয়টার্স।
গণমাধ্যমটি জানিয়েছে, এর আগে গত মাসে
প্রতি বছর নতুন চিকিৎসক নিয়োগের ফলে চিকিৎসকদের প্রতিযোগিতা আরো বৃদ্ধির আশঙ্কায় প্রতিবাদের
ডাক দেয় দক্ষিণ কোরিয়ার প্রায় ১২ হাজার ইন্টার্ন ও আবাসিক চিকিৎসক। এতে চিকিৎসক সংকটে
পড়ে দেশটির প্রায় ১০০ হাসপাতাল। মূলত সংশ্লিষ্ট হাসপাতালগুলোয় জরুরি স্বাস্থ্যসেবা বজায় রাখতে সামরিক চিকিৎসক নিয়োগ দিচ্ছে দেশটি।
রোববার দেশটির স্বাস্থ্যমন্ত্রী চো
কিও-হং এক বৈঠকে এ ঘোষণা দেন। তিনি বলেছেন, প্রতি ১৩৮ জন চিকিৎসকের সঙ্গে কাজ করবেন
২০ জন সামরিক সার্জন। আগামী চার সপ্তাহের জন্য ২০টি হাসপাতালে কাজ করবেন এসব চিকিৎসক।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ধর্মঘটের
পর থেকে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৪০০ সামরিক চিকিৎসক বিভিন্ন হাসপাতালে জরুরি সেবায়
অংশ নিয়েছেন।
ইন্টার্নদের এ আন্দোলনে এখনো সম্মত
হননি দেশটির সরকার। ফলে এখনো চলছে গত মাসের ২০ ফেব্রুয়ারি শুরু হওয়া আবাসিক চিকিৎসকদের
কর্মবিরতি। এতে ব্যাহত হচ্ছে স্থানীয় হাসপাতালগুলোর চিকিৎসা সেবা। এছাড়া চিকিৎসক সংকটে
নতুন করে রোগী ভর্তি করতে পারছে না বেশ কিছু হাসপাতাল।










