নয়াদিল্লিতে গতকাল ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনের বৈঠকে ‘অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক প্রবৃদ্ধি’ নিয়ে আলোচনা করেন চীন, রাশিয়া ও ভারতসহ ব্রিকস নেতারা। তারা অর্থনৈতিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেন। এর আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে এক যৌথ বিবৃতি দেন নেতারা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোটের মধ্যে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, ‘ব্রিকস বিশ্বের ৫০ শতাংশ মানুষ, বৈশ্বিক জিডিপির ৪০ শতাংশ ও বিশ্ব বাণিজ্যের ২৫ শতাংশের বেশি প্রতিনিধিত্ব করে।’
বৈঠকের শেষ দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ নেতাদের উদ্দেশে মোদি বলেন, ‘ব্রিকসের শক্তি নিহিত রয়েছে আমাদের বৈচিত্র্য ও সহযোগিতার মধ্যে।’
২০০৯ সালে ব্রিকস গঠিত হয়। পশ্চিমা শক্তির প্রভাবাধীন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে আরো বেশি প্রভাব প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধান উদীয়মান অর্থনীতির দেশগুলোকে নিয়ে এ জোট গড়ে ওঠে। বিশ্বে নিজেদের প্রভাব বাড়ানোর পাশাপাশি সংঘাত, বাণিজ্যে অস্থিরতা ও জ্বালানি নিরাপত্তার মতো বিষয় মোকাবেলায় কাজ করছে জোটটি।
মোদি বলেন, ‘আমরা অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক প্রবৃদ্ধি এগিয়ে নেয়ার চেষ্টা করেছি। আমরা ভিন্ন বাস্তবতায় বেড়ে উঠলেও সহযোগিতার মাধ্যমে একসঙ্গে এগিয়ে যেতে পারি এবং মানবতার কল্যাণে বিকশিত হতে পারি।’
শনিবার সম্মেলনের প্রথম দিন মধ্যপ্রাচ্যের সংঘাতই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে হামলা করে। এ যুদ্ধ নিয়ে মে মাসে নয়াদিল্লিতে ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে একমত হতে পারেননি। ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এ যুদ্ধ নিয়ে মতবিরোধ ছিল।
তবে এবার আয়োজক ভারত ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালানোর পর নেতারা একটি বিবৃতি প্রকাশ করেন। এবারের সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও অংশ নেন।
যৌথ বিবৃতিতে বলা হয়, ‘মধ্যপ্রাচ্য/পশ্চিম এশিয়ায় উত্তেজনার ক্রমবর্ধমান পরিস্থিতিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ব্রিকসের দেশগুলো সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানায়।’
ব্রিকসের ১১টি দেশের জন্য একটি ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপেন সোর্স জোন’ গড়ে তুলতে চীন নেতৃত্ব দেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল নয়াদিল্লিতে ১১ জাতির এ জোটের সম্মেলনে তিনি এ কথা বলেন।
চীনের এআই কোম্পানিগুলো বিশ্বের শীর্ষস্থানীয় ওপেন সোর্স এআই মডেল তৈরি করছে। এসব মডেলের মূল কোড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত থাকে। ফলে তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী তা পরিবর্তন ও ব্যবহার করতে পারেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এআই নির্মাতারা সাধারণত বদ্ধ পদ্ধতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। চীনা নেতার ওপেন সোর্স ও অন্তর্ভুক্তিমূলক এআই উদ্যোগের অংশ হিসেবে এ প্রস্তাব দেয়া হয়েছে। শি জিনপিং বলেন, ‘এ উদ্যোগের আওতায় ব্রিকস দেশগুলোর জন্য এআই বিষয়ে বিশেষায়িত গবেষণা ও প্রশিক্ষণ চালু করা হবে। এর লক্ষ্য হবে এআইয়ের জন্য একটি উন্মুক্ত পরিবেশ গড়ে তোলা।’
ব্রিকস জোটটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। পশ্চিমা শক্তির প্রভাবাধীন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে আরো বেশি প্রভাব প্রতিষ্ঠার প্রত্যাশায় উদীয়মান বড় অর্থনীতির দেশগুলোকে একটি প্লাটফর্মে আনতেই জোটটি গঠন করা হয়।










