পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কারণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নেৎজাহ ইহুদা ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে  বাইডেন প্রশাসন।

এ তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম  হারেৎজ। এবারই প্রথমবার ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার কারণে এই ব্যাটালিয়নের কাছে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি এই ইউনিটের সেনাদের মার্কিন বাহিনীর সঙ্গে প্রশিক্ষণ বা মার্কিন অর্থায়নে যে কোনো কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে।

ব্যাটালিয়নটি অতীতে ডানপন্থী চরমপন্থা ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে বেশ কয়েকটি সহিংসতার সঙ্গে যুক্ত ছিল বলে বিতর্ক রয়েছে। বিশেষ করে ২০২২ সালে ৭৮ বছর বয়সী ফিলিস্তিনি-আমেরিকান ওমর আসাদের মৃত্যুর ঘটনা উল্লেখযোগ্য।

নিষেধাজ্ঞার খবরে ক্ষুব্ধ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ অন্যান্য কর্মকর্তারা।

ক্ষুব্ধ নেতানিয়াহু এক্সে লিখেছেন, আইডিএফকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত নয়।  আইডিএফ-এর এমন একটি ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার উদ্দেশ্য অযৌক্তিক। এই পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতিও দিয়েছেন নেতানিয়াহু।

যুদ্ধ মন্ত্রিসভার মন্ত্রী বেনি গ্যান্টজ বলেছেন, পদাতিক ইউনিট আইডিএফের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি সামরিক ও আন্তর্জাতিক আইনেই পরিচালিত। ইসরায়েলের একটি শক্তিশালী ও স্বাধীন বিচার ব্যবস্থা রয়েছে। আইডিএফের আচরণবিধি লঙ্ঘন নিয়ে কোনো অভিযোগ তোলা হলে, তা এই বিচারব্যবস্থার মাধ্যমে সতর্কতার সঙ্গে মূল্যায়ন করে দেখা হয়। আর সেটা ভবিষ্যতেও করা হবে।