নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের জরিপ অনুযায়ী, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বেশি। শনিবার প্রকাশিত এ জরিপের ফলাফলে বলা হয়েছে, এখনই যদি নির্বাচন হয় তাহলে ৪৮ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পকে ভোট দেবেন। জো বাইডেনের পক্ষে ভোট প্রদানের কথা জানিয়েছেন ৪৩ শতাংশ মার্কিন নাগরিক।
জরিপের ফলাফলে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর তার দল ডেমোক্রেটিক পার্টির আস্থায় ঘাটতি রয়েছে। তিনি যেভাবে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিচ্ছেন, তা নিয়েও তাদের মনে সন্দেহ। এটা তাকে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প থেকে পেছনে ফেলেছে।
জনগণের আগ্রহ বিবেচনায় নিউইয়র্ক টাইমস দেশব্যাপী নিবন্ধিত ভোটারদের মধ্যে এ জরিপ চালায়। ফলাফলে জনপ্রিয়তা বিবেচনায় প্রেসিডেন্ট বাইডেন পেয়েছেন মাত্র ৪৩ শতাংশ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ৪৮ শতাংশ সমর্থন পেয়ে এগিয়ে রয়েছেন। চারজনের মধ্যে একজন ভোটার মনে করেন, যুক্তরাষ্ট্র সঠিক পথে রয়েছে। অধিকাংশ ভোটার মনে করেন, অর্থনীতি খারাপ অবস্থায় আছে।
২০২০ সালে ট্রাম্পকে যারা ভোট দিয়েছেন, এবারো তাদের ৯৭ শতাংশ তাকেই সমর্থন করছেন। তারা কেউই বলেননি, এবার তারা বাইডেনকে ভোট দেবেন। পক্ষান্তরে প্রেসিডেন্ট বাইডেনের ক্ষেত্রে এ হার ৮৩ শতাংশ। ১০ শতাংশ ভোটার বলছেন, ২০২০ সালে বাইডেনকে ভোট দিলেও এবার তারা ট্রাম্পকে দেবেন।
এ জরিপ ফলাফল প্রসঙ্গে বাইডেনের নির্বাচন পরিচালনা কমিটির যোগাযোগবিষয়ক পরিচালক মাইকেল টেইলার বলেছেন, জরিপ পরিচালনাকারীরা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে অতিরিক্ত মূল্যায়ন করেছেন। বাইডেনকে অবমূল্যায়ন করা হয়েছে। এটা জরিপের সত্যিকারের প্রতিফলন নয়।
মনোনয়ন দৌড়ে আরো এগিয়ে ট্রাম্প: যুক্তরাষ্ট্রের আরো তিনটি রাজ্যে জয়ী হয়ে, রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে আরো এক ধাপ এগিয়ে গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রিপাবলিকান প্রাথমিক প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে আইডাহো, মিসৌরি ও মিশিগান রাজ্যেও জয় পেয়েছেন ট্রাম্প। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালিকে সহজেই হারিয়েছেন তিনি।
ট্রাম্পের বিজয়টি এল ৫ মার্চের সুপার টুইসডের ঠিক আগে। ফলে এখন সবাই তাকিয়ে আছে মঙ্গলবারের সুপার টুইসডের দিকে। রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন নিশ্চিত করার বিষয়টি সুপার টুইসডের ওপর নির্ভর করছে। এদিন ক্যালিফোর্নিয়া, আলাবামা, আলাস্কা, নর্থ ক্যারোলাইনা, টেনেসি, টেক্সাস, ম্যাসাচুসেটসসহ ১৬টি রাজ্যে রিপাবলিকান পার্টির প্রাথমিক বাছাই হবে। একাধিক রাজ্যে বাছাই অনুষ্ঠিত হয় বলে দিনটিকে মার্কিন নির্বাচন প্রক্রিয়ায় ‘সুপার টুইসডে’ হিসেবে আখ্যায়িত করা হয়। এতে জিতে গেলে ২০২৪ সালের প্রেসিডেন্ট লড়াইয়ে ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনের মুখোমুখি হবেন ট্রাম্প।










