সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ভারী তুষারপাতে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গত তিন দিনে দেশটির বিভিন্ন অঞ্চলে তীব্র তুষারপাতে প্রাণ গেছে ১৫ জনের। এছাড়া আহতের সংখ্যা ৩০ এর কাছাকাছি।

স্থানীয় সময় শনিবার (২ মার্চ) আফগান গণমাধ্যম টোলো নিউজের বরাতে এই হতাহতের খবর জানিয়েছে ভারতীয় ওই গণমাধ্যম।

এছাড়া গত কয়েক দিনে দেশটির বালখ এবং ফারিয়াব প্রদেশে তীব্র তুষারপাতে প্রায় ১০ হাজার গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে টোলো নিউজ।

স্থানীয়দের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, ভারী তুষারপাত এবং তীব্র ঠান্ডায় উদ্বেগ এবং উৎকন্ঠার মধ্যে রয়েছে সার-ই-পুলের বাসিন্দারা। তারা তাদের গবাদি পশু নিয়ে ভয়াবহ ভোগান্তিতে পড়েছে পড়েছে। অব্যাহত তুষারপাতে রাস্তা আটকে যাওয়ায় চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে বলে জানিয়ে স্থানীয়রা। এক্ষেত্রে তারা সরকারি সাহায্যের কথা জানিয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় কয়েকজন মন্ত্রী নিয়ে একটি কমিটি গঠন করেছে আফগান সরকার। ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্য বরাদ্দ করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন প্রদেশে আলাদা করে কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।