মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মার্কিন হামলা থেকে রক্ষায় ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিয়েছে- এমন কোনো গোয়েন্দা তথ্য আমার জানা নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ জুন) ইরানের পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন। খবর রয়টার্সের।
গত ২২ জুন ভোরে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় এক ডজনেরও বেশি ‘বাঙ্কার-বাস্টার’ বোমা দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই বোমার সম্মিলিত ভর ছিল ৩০ হাজার পাউন্ড।
হামলার নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দাবি, এতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে মার্কিন এক প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদনে এ দাবির ব্যাপারে সন্দেহ পোষণ করা হয়েছিল।
এদিকে গত ১৯ ও ২০ জুন ফোরদো পারমাণবিক স্থাপনার কাছে বিপুল সংখ্যক যানবাহনের চলাচলের একটি স্যাটেলাইট ছবি প্রকাশ হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, হামলার বিষয়ে আগ থেকেই তথ্য ছিল ইরানের কাছে। তাই দেশটি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোথাও সরিয়ে নিয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তারা। ইরানের এক কর্মকর্তাও তেমনটাই জানিয়েছেন।
হেগসেথ বলেন, আমি যেসব গোয়েন্দা তথ্য পর্যালোচনা করেছি, তার কোনোটিতেই এমন কিছু আছে বলে জানিনা। এগুলোর কোথাও এমন তথ্য নেই যেখানে বলা হয়েছে- কোনো কিছু ওই স্থানে থাকার কথা কিন্তু নেই, বা সরিয়ে ফেলা হয়েছে বা অন্য কিছু।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে ট্রাম্প লিখেছেন, সাইটে থাকা গাড়ি ও ছোট ট্রাকগুলো ছিল কংক্রিট শ্রমিকদের, যারা শাফটগুলোর উপরের অংশ ঢেকে দিতে কাজ করছিল। সেখান থেকে কিছুই সরানো হয়নি। তবে এর সপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।















