স্ক্যান্ডিনেভিয়ান দেশ আইসল্যান্ডে মাত্র ১৪ ঘণ্টায় প্রায় ৮০০ ভূমিকম্প অনুভূত হয়েছে। এ অবস্থায় অগ্ন্যুৎপাতের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাজধানী রিকজাভিকসহ আশপাশ এলাকা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপদ্বীপ রেইকজানেসে আঘাত হেনেছে অধিকাংশ ভূমিকম্প। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। খবর বিবিসি।
আইসল্যান্ডের আবহাওয়া সংস্থা (আইএমও) জানিয়েছে, সবচেয়ে বড় ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার। এতে গ্রিন্ডাভিকের বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাটল দেখা দিয়েছে শহরটির প্রধান কয়েকটি সড়কে।
আইসল্যান্ডের বেসামরিক সুরক্ষা ও জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা দফতর নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। দপ্তরটির এক বিবৃতিতে বলা হয়, অনির্দিষ্টকালের জন্য ভূমিকম্প অব্যাহত থাকতে পারে এবং সামনে আরো বড় আঘাত হানতে পারে। ভূকম্পনের কারণে অগ্ন্যুৎপাতেরও আশঙ্কা রয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, গত অক্টোবর থেকে টানা ভূমিকম্পের কারণে ভূগর্ভস্থ লাভা ওপরে উঠে আসছে। বর্তমানে বেশকিছু এলাকায় ভূপৃষ্ঠের মাত্র পাঁচ কিলোমিটার গভীরে অবস্থান করছে লাভার মজুদ।
সতর্কতা হিসেবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গ্রিন্ডাভিকে বসবাসকারী কয়েক হাজার মানুষকে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ।
ফ্যাগ্রাডালসফজল আগ্নেয়গিরির চারপাশে এ ভূমিকম্পের কারণে উদ্বেগ জানিয়েছে আইসল্যান্ডের আবহাওয়া অফিস। প্রচুর পরিমাণে ম্যাগমা গলিত শিলা ভূগর্ভে ছড়িয়ে পড়ছে বলে উদ্বেগ জানায় তারা।
কর্মকর্তারা জানান, ম্যাগমা টানেল গ্রিন্ডাভিকে পৌঁছাতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দিতে পারছে না আবহাওয়া অফিস। এ কারণেই সতর্কতা হিসেবে বাসিন্দাদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত এসেছে। শহরের সব রাস্তা জরুরি প্রয়োজন ছাড়া বন্ধ রয়েছে, যাতে যানজট এড়ানো যায়।
আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের কার্যকলাপে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। ম্যাগমা সম্ভবত শহরের নিচে প্রসারিত হয়েছে। কোথায়, কখন অগ্ন্যুৎপাত হবে তা ঠিক নির্ধারণ করা সম্ভব নয়।
আইএমওর রেকর্ড অনুযায়ী, গত অক্টোবর থেকে এ পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় মোট ২৪ হাজার ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপ মহাদেশভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে আইসল্যান্ডে। বরফাচ্ছাদিত দেশটিতে মোট সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা ৩৩। ২০২১ সালের শুরু থেকে জুলাই ২০২৩ পর্যন্ত রেইকজানেস উপদ্বীপে তিনটি অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।
আইসল্যান্ডের আয়তন ১ লাখ ৩ হাজার ১২৫ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ২৩৮, যাদের অধিকাংশরই বসবাস রাজধানী শহরকেন্দ্রিক।










