পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে অতিথিবাহী বাস খাদে পড়ে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহত হয়েছেন আরো ৬৪ জন। খবর ডন।
গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে দেশটির চাকওয়াল জেলার কালার কাহার শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
গত দুই মাসেরও কম সময়ের মধ্যে পাকিস্তানে এটি চতুর্থ বড় সড়ক দুর্ঘটনা।
এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শোক প্রকাশ করেছেন এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উদ্ধারকর্মী ও পুলিশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে ১২ যাত্রী মারা যান এবং অপর দুইজন হাসপাতালে মারা যান। নিহতদের মধ্যে বাসের চালকও রয়েছেন।
অন্যদিকে আহতদের কালার কাহারের তহসিল সদর হাসপাতালে নেয়া হয়েছে।
চাকওয়ালের ডেপুটি কমিশনার কুরাতুলাইন মালিক বলেন, বিয়ের অনুষ্ঠান শেষে যাত্রীরা ইসলামাবাদ থেকে লাহোরে ফিরছিলেন। পথিমধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং বিপরীত দিক থেকে আসা দুটি গাড়িকে ধাক্কা দেয়।
এ ঘটনায় কালার কাহার থানায় একটি মামলা করা হয়েছে।











