হামাসের সঙ্গে সংঘাতে উচ্চ অর্থনৈতিক ব্যয় সামলাতে রিজার্ভ ফোর্স বা সংরক্ষিত বাহিনী ছোট করার চিন্তা করছে তেল আবিব। ইসরায়েল নিয়ন্ত্রিত গণমাধ্যমে প্রচারিত এক খবরের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর পরীক্ষামূলকভাবে সংরক্ষিত বাহিনীর সৈন্যদের সরিয়ে নিতে যাচ্ছে ইসরায়েল। এক্ষেত্রে অর্থনৈতিক ব্যয়কে গুরুত্ব দেয়া হচ্ছে।

তেল আবিবের বেশকিছু গণমাধ্যম জানিয়েছে, প্রতি মাসে সংরক্ষিত বাহিনীর জন্য ব্যয় হচ্ছে প্রায় ১৩০ কোটি ডলার।

গত মাসের শেষ দিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ জানিয়েছেন, গাজা উপত্যকায় হামলার পেছনে প্রতিদিন স্থানীয় মুদ্রায় ১০০ কোটি শেকেল বা ২৪ কোটি ৬০ ডলারের মতো খরচ হচ্ছে।

আরো জানান, যুদ্ধের কারণে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট এখন আর প্রাসঙ্গিক নয়। এটি সংশোধন করা হবে।  

এর আগে ইসরায়েল সরকার তিন লাখ ৬০ হাজার রিজার্ভ সৈন্য সংগ্রহের অনুমোদন দেয়। এখন পর্যন্ত প্রায় দুই লাখ সৈন্য নিয়োগ পেয়েছে।

গাজা ও লেবাননের উত্তর সীমান্তে সেনা মোতায়েন করছে বলে জানিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় বিভিন্ন গণমাধ্যম।

গত ৭ অক্টোবর হামাসের হামলায় এক হাজার ২০০ জনের মতো ইসরায়েলি নিহত হন। জিম্মি হন ২০০ এর বেশি। অন্যদিকে গাজা উপত্যকায় প্রায় ১২ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। যার মধ্যে প্রায় সাড়ে সাত হাজার শিশু ও নারী। এছাড়া আহতের সংখ্যা ৩০ হাজারের কাছাকাছি।

ইসরায়েলের ঢালাও আক্রমণে গাজার ২৩ লাখ বাসিন্দার বড় একটি অংশ বাস্তুচ্যুত হয়েছে। হামলা থেকে বাদ পড়েনি বাড়িঘর, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ বা গির্জার মতো স্থাপনা।