কানাডার রাজধানী অটোয়ায় ছুরিকাঘাতে
চার শিশুসহ এক মা প্রাণ হারিয়েছেন। নিহতের সবাই শ্রীলঙ্কার নাগরিক। গত বুধবার (৬ মার্চ)
রাতে এই হত্যাকাণ্ড হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। খবর রয়টার্স।
দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
এই হত্যাকাণ্ডকে ‘ভয়াবহ ট্রাজেডি’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন এমন ঘটনায় তিনি স্তম্ভিত।
হামলার ঘটনায় শিশুদের বাবাও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় শ্রীলঙ্কার
১৯ বছর বয়সী ছাত্র ফেবরিও ডি-জয়সাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে
ছয়টি হত্যা এবং একটি হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত এই তরুণ ভুক্তভোগী পরিবারের
সঙ্গে পরিচিত ছিলেন এবং তাদের বাসায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত মায়ের বয়স ৩৫ এবং তার শিশুদের
বয়স যথাক্রমে ৭, ৪, ২ বছর এবং ২ মাস। এ ছাড়া নিহত অপর পুরুষের বয়স ৪০ বছর।
অটোয়ার জনসংখ্যা প্রায় ১০ লাখ। কানাডায়
সাধারণত নির্বিচার হত্যাকাণ্ডের ঘটনা তেমন দেখা যায় না। ২০২২ সালের ডিসেম্বরে টরন্টোর
শহরে নির্বিচার গুলির ঘটনায় পাঁচজন নিহত হন। ওই বছরে সেপ্টেম্বরে দেশটির পশ্চিমাঞ্চলীয়
একটি প্রদেশে এক ব্যক্তি ১১ জনকে ছুরিকাঘাতে হত্যা করেন।










