নাইজেরিয়ায় পাঠদান চলাকালে ধসে পড়েছে একটি দোতলা বিদ্যালয় ভবন। এ ঘটনায় কমপক্ষে ২১ জন মারা গেছেন বলে জানিয়েছে স্থানীয় রেড ক্রসের মুখপাত্র। কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শুক্রবারের (১২ জুলাই) এ দুর্ঘটনায় ভবনের নিচে প্রায় ১২০ জন চাপা পড়েছেন। খবর আল জাজিরা।

আফ্রিকার দেশটির প্লাতেউ রাজ্যের সেইন্টস অ্যাকাডেমি কলেজে এ ঘটনা ঘটে। তবে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল কমপক্ষে ১২ জনের মৃত্যুর খবর জানিয়েছে।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকারী, স্বাস্থ্য ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্লাতেউর তথ্য কমিশনার মুসা আসোমস এক বিবৃতিতে বলেছেন, ধসে পড়া বিদ্যালয়ের নিচে প্রায় ১২০ জন আটকা পড়েছিলেন। তাদের অনেককে উদ্ধার করা হয়েছে। তিনি জানান, আহতরা যেন দ্রুত চিকিৎসা পান সেজন্য স্থানীয় হাসপাতালগুলোকে কোনো ধরনের নথি ও অর্থ ছাড়া চিকিৎসা দিতে সরকার নির্দেশনা দিয়েছে।

রাজ্য সরকার এ ঘটনার পেছনে দুটি কারণ উল্লেখ করেছে। বলা হচ্ছে, বিদ্যালয় ভবনটি দুর্বল কাঠামোর ওপর নির্মিত ও নদীর পাশে ছিল।