নতুন চিকিৎসক নিয়োগ ইস্যুতে আন্দোলনরত
কয়েক হাজার চিকিৎসকের মেডিকেল লাইসেন্স স্থগিতের সতর্কবার্তা পাঠিয়েছে দক্ষিণ কোরিয়ার
সরকার। দেশটির ইন্টার্ন ও আবাসিক চিকিৎসকদের গত এক মাস ধরে চলা ধর্মঘটের ফলে হুমকির
মুখে পড়েছে সেখানের স্বাস্থ্য খাত। আন্দোলনরত চিকিৎসকদের কর্মক্ষেত্রে ফিরিয়ে আনতে
এমন পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে
স্থানীয় সময় মঙ্গলবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম
দ্য গার্ডিয়ান।
গণমাধ্যমটি জানিয়েছে, এর আগে গত মাসে
প্রতি বছর নতুন চিকিৎসক নিয়োগের ফলে চিকিৎসকদের প্রতিযোগিতা আরো বৃদ্ধির আশঙ্কায় প্রতিবাদের
ডাক দেয় দক্ষিণ কোরিয়ার প্রায় ১২ হাজার ইন্টার্ন ও আবাসিক চিকিৎসক। এতে চিকিৎসক সংকটে
পড়ে দেশটির শতাধিক হাসপাতাল।
কাজে ফিরে আসার আদেশ অমান্য করায় আন্দোলনকারী
৪ হাজার ৯০০ চিকিৎসকের লাইসেন্স স্থগিত হতে পারে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী চো কিও-হং।
মন্ত্রী জানিয়েছেন, আন্দোলনরত এসব চিকিৎসকদের
কাছে একটি প্রশাসনিক সতর্কবার্তা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে চিকিৎসকরা কাজে না
ফিরলে প্রাথমিকভাবে তিন মাসের জন্য তাদের লাইসেন্স স্থগিত করা হবে। এছাড়া এই
শাস্তি আরো বৃদ্ধি করে এক বছর পর্যন্তও হতে পারে বলে মন্ত্রী সতর্ক করেছেন।
চিকিৎসকদের দাবি পূরণে এখনো সম্মত হয়নি দেশটির সরকার। ফলে অব্যাহত রয়েছে ২০ ফেব্রুয়ারি শুরু হওয়া আবাসিক চিকিৎসকদের কর্মবিরতি। এতে ব্যাহত হচ্ছে স্থানীয় হাসপাতালগুলোর চিকিৎসা সেবা। এছাড়া চিকিৎসক সংকটে নতুন করে রোগী ভর্তি করতে পারছে না অনেক হাসপাতাল।










