বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চন্দ্র অভিযানে সফল হলো জাপান। শুক্রবার মধ্যরাতে দেশটির চন্দ্রযান ‘স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন’ চাঁদের শিওলি কার্টার নামের একটি এলাকায় অবতরণ করেছে বলে জানিয়েছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা। নিজস্ব প্রযুক্তিতে বানানো মনুষ্যবিহীন চন্দ্রযানটির ডাক নাম ‘‌মুন স্নাইপার’।

২০ মিনিটের রুদ্ধশ্বাস সময়ের পর শুক্রবার চাঁদের মাটি ছুঁয়েছে মুন স্নাইপার। এর মধ্য দিয়ে চাঁদে সফলভাবে অবতরণ করা পঞ্চম দেশ হিসেবে ইতিহাস গড়েছে জাপান। এর আগে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারত এ কৃতিত্ব অর্জন করেছে।

মুন স্নাইপার চাঁদের মাটিতে নামতে পারলেও বিজ্ঞানীরা বলছেন, চন্দ্রযানটির সোলার জেনারেটর কাজ করছে না। কেবল ব্যাটারির শক্তির ওপরই নির্ভর করছে যানটি। ব্যাটারি শেষ হওয়ার আগেই তাই সোলার জেনারেটর ঠিক করার চেষ্টা চালাচ্ছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা। ব্যাটারির শক্তি থাকবে আর মাত্র কয়েক ঘণ্টা।

গত বছর ৭ সেপ্টেম্বর মুন স্নাইপারের সফল উৎক্ষেপণ করেছিল জাপান। দেশটির ফ্ল্যাগশিপ রকেট এইচ ৩ বহন করে নিয়ে গিয়েছিল এটিকে। তারপর গত ২৫ ডিসেম্বর চাঁদের কক্ষপথে যানটি প্রবেশের কথা জানিয়েছিল জাপানের মহাকাশ গবেষণা সংস্থা।

চাঁদের মেরু অঞ্চলের পাহাড়ি এলাকাগুলোয় অক্সিজেন, পানি ও ধাতব পদার্থের অনুসন্ধানই জাপানের চন্দ্রাভিযানের প্রধান উদ্দেশ্য। শুক্রবার সংবাদ সম্মেলনে জাক্সার গবেষণা বিভাগের প্রধান হিতোশি কুনিনাকা জানিয়েছেন, আগামী কয়েক বছরের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা নিয়েছে জাক্সা। সেই পরিকল্পনার বাস্তবায়ন অনেকাংশে নির্ভর করছে এ অভিযানের সাফল্যের ওপর।