দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে সিরিল রামাফোসাকে পুনর্নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) ও বিরোধী দলগুলোর জোটগুলোর মধ্যে সমঝোতার পর তিনি নির্বাচিত হন। খবর বিবিসি।

জাতীয় ঐক্যের এ জোট রামাফোসার এএনসি, মধ্য-ডানপন্থী ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) ও ছোট দলগুলোকে একত্রিত করেছে। এ সমঝোতা প্রক্রিয়াকে যুগান্তকারী বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা।

পুনর্নির্বাচিত হওয়ার পর এক বক্তৃতায় নতুন জোটকে স্বাগত জানিয়েছেন সিরিল রামাফোসা। তিনি জানান, ভোটাররা আশা করেন যে নেতারা দেশের সবার ভালোর জন্য কাজ করবে এবং একসাথে কাজ করবে।

বেশ নাটকীয়তার পর দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক দলগুলো গতকাল শুক্রবার (১৪ জুন) সমঝোতায় পৌঁছায়।

গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারায় এএনসি। এরপর ক্ষমতা ভাগাভাগি প্রশ্নে কয়েক সপ্তাহ ধরে নানা ধরনের জল্পনা চলছিল। নির্বাচনে এএনসি ৪০ শতাংশ ও ডিএ ২২ শতাংশ ভোট পায়।

সরকারের গঠনের পর এবার সিরিল রামাফোসা মন্ত্রিসভার পদ বরাদ্দ করবেন। এতে ডিএর সদস্যরা অন্তর্ভুক্ত থাকবেন।

১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচনের পর থেকে এএনসি সব সময় ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে আসছিল। প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন শান্তিতে নোবেল বিজয়ী নেলসন ম্যান্ডেলা। সাম্প্রতিক বছরগুলোয় ক্ষমতাসীনদের দুর্নীতি, বেকারত্ব ও অপরাধের কারণে দলটির প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে কমে যায়।