হামাস-ইসরায়েল সংঘাতের পর তীব্র মানসিক সমস্যায় ভুগছেন ইসরায়েলি কয়েক হাজার সেনা। ইসরায়েলের সেনাবাহিনীর তথ্য বলছে, সংঘাত শুরুর পর মানসিক স্বাস্থ্য সেবা পেতে দেশটির স্বাস্থ্য সেবা হটলাইনে কল করেছে ৩০ হাজারের বেশি ইসরায়েলি সৈন্য। খবর আনাদোলু এজেন্সি।

স্থানীয় সময় বুধবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েলি বাহিনীর বরাতে তুর্কি গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের নেতিবাচক প্রভাবের ফলে প্রায় ৮৫ শতাংশ সেনা মানসিক সমস্যায় পড়েছেন। এছাড়া অন্তত ২০০ সৈন্যকে মানসিক সমস্যার কারণে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

গাজায় যুদ্ধের ফলে সেনা সদস্যরা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিটিএসডি) ভুগছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত সৈন্যদের চিকিৎসার জন্য একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করার পরিকল্পনা করেছে দেশটির সেনাবাহিনী। এতে পিটিএসডির চিকিৎসার জন্য একটি ক্লিনিক অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে তারা।

এর আগে গত ২ ফেব্রুয়ারি দেশটির সেনাবাহিনীর ক্লিনিকাল বিভাগের প্রধান ইয়েখিয়েল লেভেচিৎজ জানিয়েছিলেন, গত বছরের ৭ অক্টোবর থেকে ৩০ হাজারের বেশি সেনার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।