ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের মার্কিন ও ব্রিটিশ কর্মীদের আগামী এক মাসের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে হুথি যোদ্ধারা। আজ বুধবার (২৪ জানুয়ারি) জাতিসংঘের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে এনডিটিভি।

গণমাধ্যমটি জানিয়েছে, গত ২০ জানুয়ারি জাতিসংঘের মানবিক সমন্বয়কারী পিটার হকিন্সকে লেখা এক চিঠিতে হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার কর্তৃপক্ষ সংস্থাটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্মীদের ইয়েমেন ত্যাগ করার জন্য এক মাসের সময় বেঁধে দিয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টা মধ্যে তাদের দেশ ত্যাগের উদ্যোগ নিতে হবে বলেও উল্লেখ করা হয় ওই চিঠিতে।

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইউরোপ থেকে আসা ইসরায়েলগামী বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে ইরান সমর্থিত হুথি বাহিনী। ফলে লোহিত সাগরে অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে হুথিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ফলে মার্কিন ও ব্রিটিশদের সঙ্গে উত্তেজনা শুরু হয় হুথিদের। মূলত একারণেই দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে হুথিরা।