গাজার বাসিন্দাদের জন্য সামরিক উড়োজাহাজ
থেকে খাদ্য সরবরাহ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল শুক্রবার
(১ মার্চ) উপত্যকাটির দক্ষিণাঞ্চলে মানবিক ত্রাণ সহায়তা পেতে অপেক্ষমান গাজাবাসীর ওপর
ইসরায়েলি নির্বিচার হামলার পর এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। খবর রয়টার্স।
গণমাধ্যমটি জানিয়েছে, বাইডেন গাজায়
আগামী দিনে এয়ার ড্রপ ত্রাণ সহায়তা পৌঁছানোর ঘোষণা দিয়েছেন তবে তিনি নির্দিষ্ট সময়
উল্লেখ করেননি। ইতোমধ্যেই উপত্যকাটিতে জর্ডান এবং ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ এয়ার ড্রপের
মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। এর আগে গত সপ্তাহে একটি এয়ার ড্রপ ত্রাণ কার্যক্রমে
সরাসরি অংশ নিয়েছিলেন জর্ডানের দ্বিতীয় রাজা আব্দুল্লাহ।
গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন
বলেছেন, আমাদের আরো করতে হবে এবং যুক্তরাষ্ট্র সেটা করবে। গাজায় চলমান সহায়তা যথেষ্ট
নয় বলে উল্লেখ করেছেন তিনি।
হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি এই
এয়ার ড্রপ ত্রাণ সহায়তার বিষয়ে জোর দিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেছেন আমাদের এই পরিকল্পনা
একটা টেকসই প্রচেষ্টা হবে বলে আমি আশা করি।










