বিধ্বস্ত ফিলিস্তিনে লড়াই থামাতে ফ্রান্সের প্যারিসে চলছে যুদ্ধবিরতির আলোচনা। পরিচয় প্রকাশ না করার শর্তে একটি সূত্র যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে জানায়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান কাতার, মিসর ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাদা বৈঠক করেছেন। খবর রয়টার্স।
হামাসের একজন কর্মকর্তা বলেছেন, ‘তারা কায়রোয় যুদ্ধবিরতি আলোচনা শেষ করেছেন। এখন ইসরায়েলের সঙ্গে এ আলোচনা থেকে মধ্যস্থতাকারীরা কী সংবাদ নিয়ে আসে, তা দেখার জন্য তারা অপেক্ষা করছেন।’
গাজা-ইসরায়েল সংঘর্ষ বন্ধের জন্য মধ্যস্থতাকারীরা গাজার রাফা শহরে যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাফায় ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে।
ইসরায়েল বলছে, শিগগিরই যুদ্ধবিরতি চুক্তি না হলে তারা শহরটিতে হামলা চালাবে। যদিও ওয়াশিংটনসহ ইসরায়েলের মিত্ররা রাফায় হামলা না করার জন্য আহ্বান জানিয়েছে। শহরটিতে হামলা চালালে ব্যাপক বেসামরিক হতাহতের আশঙ্কা রয়েছে।
এদিকে প্যারিসে যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় গতকাল ভোর পর্যন্ত শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এ নিয়ে গাজায় ইসরালের ১৪১ দিনের হামলায় কমপক্ষে ২৯ হাজার ৫১৪ জন প্রাণ হারিয়েছে, যাদের বেশির ভাগই শিশু ও নারী।
ফিলিস্তিনে ত্রাণ সহায়তা পরিচালনাকারী সংস্থা ইউএনআরডব্লিউএর প্রতিনিধিরা জানিয়েছেন, ইসরায়েলি অবরোধের ফলে তীব্র মানবিক সংকটে পড়েছে পুরো গাজা অঞ্চল। তেল আবিবের ক্রমাগত হামলায় উপত্যকায় ত্রাণ সহায়তা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছে সংস্থাটি। এছাড়া গাজার বিভিন্ন অঞ্চলে জাতিসংঘের ত্রাণ সহায়তা কার্যক্রম বাধার মুখে পড়েছে বলে জানা গেছে।
গাজায় এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে যুদ্ধোত্তর নীতিমালা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। তার পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল গাজার নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে এবং ইসরায়েলের প্রতি বৈরী গোষ্ঠীর সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন ফিলিস্তিনিরা ওই অঞ্চল পরিচালনা করবে।
এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এ পরিকল্পনা গাজাকে পূর্ণাঙ্গ দখলের নীতি বলে উল্লেখ করেছেন তারা। পিএর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক মুখপাত্র বলেছেন, ‘নেতানিয়াহুর পরিকল্পনা ব্যর্থ হতে চলেছে।’ নাবিল আবু রুদাইনেহ বলেন, ‘বিশ্ব যদি সত্যিকার অর্থে এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা চায়, তাহলে তাদের অবশ্যই ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের দখলদারত্বের অবসান ঘটাতে হবে এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে।’










