ইথিওপিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গোফা রাজ্যে পৃথক দুটি ভূমিধসে ১৫৭ জনের মৃত্যু হয়েছে। গোফা রাজ্যের একজন সরকারি কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। খবর আল জাজিরা।

রোববার সন্ধ্যায় ও সোমবার সকালে গোফা রাজ্যে ভারি বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্ধার তৎপরতায় অংশ নিতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য ও উদ্ধারকর্মীও মারা যান। উদ্ধারকাজ ও অনুসন্ধানের সময় শত শত মানুষ জড়ো হয়।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে সংসদ সদস্য কেমাল হাসি মোহামৌদ আল জাজিরার লাইভ সম্প্রচারে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, উদ্ধারকারীরা বিভিন্ন যন্ত্র দিয়ে খনন করছেন অথবা খালি হাতেই কাদার নিচে আটকা পড়া মানুষ সন্ধান করছেন।

কয়েক মাস ধরেই ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টি ও বন্যা আঘাত হানছে।