গাজা শহরের পার্শ্ববর্তী একটি এলাকা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পর সেখান থেকে কমপক্ষে ৬০টি মরদেহ উদ্ধার করেছে স্থানীয় উদ্ধারকর্মীরা। তাল আল-হাওয়া এলাকায় ফিলিস্তিনিদের মরদেহগুলো পাওয়া যায়। খবর আল জাজিরা।

এ বিষয়ে গতকাল শুক্রবার (১২ জুলাই) গাজার বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক মুখপাত্র মাহমুদ বাসল জানান, ইসরায়েলি সেনারা এলাকাটি ত্যাগের পর ফিলিস্তিনিদের উদ্ধারে এগিয়ে আসে গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। ওই সময় তারা কয়েক ডজন মরদেহ আবিষ্কার করে, যাদের অধিকাংশই একই পরিবারের সদস্য, নারী ও শিশু। এর মধ্যে কিছু মৃতদেহ কিছু খেয়ে ফেলেছে কুকুর।

তিনি বলেন, ‘কমপক্ষে ৬০টি মরদেহ গণনা করা হয়েছিল। ঘটনাস্থলেই কয়েকজনের লাশ দাফন করা হয়েছে। অন্য মরদেহগুলো কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

গত ৭ জুলাই তাল আল-হাওয়া এলাকার বেসামরিক লোকদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। এরপরই অভিযানে পরিচালনা করে তারা।

মাহমুদ বাসল বলেন, ‘এখনো অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। ইসরায়েলি বাহিনী কাছাকাছি অবস্থান করছে এবং তাদের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।’

এর আগে তিনি জানিয়েছিলেন, ইসরায়েলি হামলার পর গাজার কাছাকাছি এলাকাটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

মাহমুদ বাসল বলেন, তথ্যপ্রমাণ বলছে যে নির্ধারিত স্থানান্তর রুটে অবস্থান করা সত্ত্বেও ফিলিস্তিনিদের ওপর গুলি চালানো হয়েছিল ইসরায়েলি বাহিনী।

এদিকে মিশরের দুটি সূত্র সম্প্রতি জানিয়েছে, গাজায় যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতি হয়েছে।

গত অক্টোবরের শুরুতে হামাসের হামলার পর গাজার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ডাক দেয় ইসরায়েলি। এরপর থেকে ইসরায়েলি হামলায় ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু।