দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার ঘটনায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা। রোববার (৫ মে) ইসরায়েলে হামাসের আক্রমণে তিন ইসরায়েলি সেনা নিহত হওয়ার পরপর গাজায় হামলা চালায় ইসরায়েল।  সোমবার (৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা। 

ফিলিস্তিনি চিকিৎসকরা বলেন, হামাসের হামলার কিছুক্ষণ পরেই রাফা শহরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। এরপর মধ্যরাতে আবারো আরেকটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েল। 

ইসরায়েলি সামরিক বাহিনী পাল্টা হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে যে এটি সেই লঞ্চারটিকে আঘাত করেছে যেখান থেকে হামাসের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মধ্যরাতের ঠিক আগে রাফা শহরের আরেকটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় এক শিশুসহ নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যে কারণে রাফায় সর্বশেষ ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল-গাজা সংঘাতে ইসরায়েলি হামলায় ৩৪ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ৭৭ হাজার ফিলিস্তিনি।