তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে চীন সরকার। গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) তাইপের কাছে ৭৫ মিলিয়ন ডলারের সম্ভাব্য মার্কিন অস্ত্র বিক্রির বিরোধিতার কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে নিজেদের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার স্বার্থ ক্ষুণ্ণ  হবে বলে দাবি চীনের। খবর আনাদোলু এজেন্সি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, স্বশাসিত দ্বীপ তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি এক-চীন নীতি ও চীন-মার্কিন তিনটি যৌথ ইশতেহার মেনে চলার তাগিদ দেয় চীন। বিশেষ করে ১৯৮২ সালের ১৭ আগস্ট ঘোষিত ইশতেহারের দিকে ইঙ্গিত দিয়ে গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগ করেছে চীন। তাইপের কাছে এভাবে অস্ত্র বিক্রি বেইজিংয়ের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার স্বার্থকে ক্ষুণ্ণ করবে বলে মনে করেন তিনি। এছাড়া এতে চীন-মার্কিন সম্পর্কেও ফাটল ধরবে বলে মন্তব্য করেছেন মাও নিং।

যুক্তরাষ্ট্র তাইওয়ানকে কাজে লাগিয়ে তাইওয়ান প্রণালির দুপাশে উত্তেজনা সৃষ্টিতে মদদ দিচ্ছে বলেও দাবি করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্ষেত্রে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি এবং দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিষয়ক সকল চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছে চীনের।