নিজেদের ভূখণ্ডে চীনের আধিপত্য ঠেকাতে মার্কিন সমর্থন চাইলেন তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং-তে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দেশটির রাজধানী তাইপেতে মার্কিন রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে এক বৈঠকে আলাপকালে এ সমর্থন চান তিনি। খবর রয়টার্স।

চলতি বছরের ২০ মে আনুষ্ঠানিকভাবে দেশ পরিচালনা শুরু করতে যাচ্ছে লাই এবং তার দল। তাইওয়ানকে অনেক আগ থেকেই নিজেদের বলে দাবি করে আসছে চীন। চীন মনে করে তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট তাদের জন্য হুমকি স্বরূপ। ফলে বেইজিং তার  সঙ্গে কোনো আলোচনায় বসতে নারাজ।

মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে লাই বলেন, আমাদের গণতন্ত্র এবং স্বাধীনতা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগ করা একটি মূল্যবোধ। বিশ্ব শান্তি এবং এ অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে তাইওয়ান। আমরা চাই ওয়াশিংটন বরাবরের মত তাইওয়ানের পাশে থাকবে।

বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন রিপাবলিকান প্রতিনিধি মারিও ডিয়াজ। তিনি তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনের কথা জানান। বৈঠকে লাইকে উদ্দেশ্য করে মারিও ডিয়াজ বলেন, আপনি নিশ্চিত থাকুন আপনি মার্কিন কংগ্রেসের পুরো সমর্থন পেয়েছেন।

তাইওয়ান সরকার নিজেদের ভূখণ্ডে চীনের সার্বভৌমত্বের দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। তারা বলেছে তাইওয়ানের জনগণই তাদের ভবিষ্যৎ ঠিক করবে।